Image description

গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে পুলিশের হাত থেকে রক্ষা পেতে পালানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম (৫৫)। রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডের নিজ ফ্ল্যাটে পুলিশ গেলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং পালানোর চেষ্টাকালে ৮ম তলা থেকে নিচে পড়ে যান।

 

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গার্ডেন প্যালেস ভবনের ৮ম তলায় এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই ভবনের একটি ফ্ল্যাটে স্ত্রীর সঙ্গে থাকতেন। তাঁর নামে গাজীপুরে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল, যা কার্যকর করতে পুলিশ তাঁর ঠিকানায় যায়।

 

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল জানান, রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে ওই ফ্ল্যাটে গেলে নজরুলকে পাওয়া যায়নি। ঘরে ছিলেন শুধু তাঁর স্ত্রী রওশনারা বেগম। তিনি বলেন, “পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে বারান্দার কার্নিশে লুকান বা অন্য ফ্ল্যাটে পালানোর চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।”

 

প্রতিবেশীদের ধারণা, গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে কোনো উপায় না পেয়ে তিনি ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন, যা শেষ পর্যন্ত তাঁর জীবন কেড়ে নেয়।

 

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাত ২টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।