ফেনীর পরশুরাম সীমান্তে নারীসহ তিন শিশুর অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৬ জুলাই) দুপুরে ৪ বিজিবির আওতাধীন পরশুরামেন কেতেরাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেতেরাঙ্গা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত শূন্য লাইনের কাছাকাছি নারীসহ তিন শিশুকে শনাক্ত করে। তারা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়ে তাদের অনুপ্রবেশ ভেস্তে দেয়। ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা, আভিযানিক নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করেছে বিজিবি।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদকসহ যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে ৪ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।