রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
অভিযান শেষে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্টেট আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে রাজীব শাহ নামে এক ব্যক্তির আস্তানা এবং তাঁর গড়ে তোলা মসজিদও রয়েছে। এখানে ভ্রাম্যমাণ যা কিছু পেয়েছি, তা উচ্ছেদ করেছি। যেগুলো উচ্ছেদ করা যায়নি, সেগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্টদের সময় দিয়েছি।’
উদ্যানে এভাবে অনুমতি ছাড়া মসজিদ নির্মাণ শুরুতে কেন উচ্ছেদ করা হলো না– প্রশ্নে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের (ঢাকা বিভাগের) নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘এখানে মসজিদ নির্মাণ করার তথ্য সঠিক নয়। এখানে রাজীব শাহ কয়েকজনকে নিয়ে নামাজ পড়ছিলেন, যেটি সামাজিক মাধ্যমে ছড়ালে আলোচনায় আসে। আমাদের নজরে আসার পর মৌখিকভাবে রাজীবকে অনেকবার বলেছি। কিন্তু তাতে তিনি কান দেননি। অবশেষে আমরা সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালালাম।’
অভিযানে উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের মসজিদসহ অন্যান্য স্থাপনা ভেঙে দেওয়া হয়। স্ট্রিম ছবি
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সোহরাওয়ার্দী উদ্যানে রাজীব শাহের মসজিদ নির্মাণের তথ্য। মসজিদের ভিডিও ও ছবি শেয়ার করে অনেকেই মন্তব্য করছেন। রাজীব শাহকে ঘিরেও বাড়ছে রহস্য। কে তিনি, কেন এসব করছেন– প্রশ্নে রাজীব শাহ আগে স্ট্রিমকে জানিয়েছেন, উদ্যানে টুকিয়ে পাওয়া বোতল বিক্রির টাকায় তিনি মসজিদ নির্মাণ করেছেন। পরে বিভিন্নজনের সহযোগিতা পেয়েছেন।
মসজিদের পাশে ধান আবাদ; ফুলের গাছ লাগিয়ে রাজীব নিজেই এটিকে ‘নবাবপাড়া’ নাম দিয়েছিলেন। উচ্ছেদের সময় রাজীব শাহ কিংবা তাঁর অনুসারীদের কাউকে পাওয়া যায়নি।
উদ্যানের টোকাই ও ভ্রাম্যমাণ পানি বিক্রেতারা জানান, কয়েক মাস আগে এখানে থাকা শুরু করেন রাজীব শাহ। পরে তিনি ধান লাগান। বেশ কয়েকটি ফুলগাছ লাগিয়ে শোভা বাড়ান। নিজের থাকার জন্য ছোট্ট খুপড়ি ঘরও করেন। একপর্যায়ে নিজ উদ্যোগে রাজীব মসজিদ নির্মাণ করেন।
রাজধানীর বুকে ‘নবাবপাড়া’ গড়ে তোলেন রাজীব শাহ। ছবি: সংগৃহীত
মূলত সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তিযোদ্ধা জাদুঘর ও নাট্যশালার মধ্যবর্তী এলাকায় মসজিদ করা হয়। সেখানে ইটের তৈরি মেঝেতে কার্পেট ও জায়নামাজ বিছানো ছিল। বৃষ্টি ও রোদ এড়াতে উপরে ত্রিপল টানানো। নামাজিদের অজুর জন্য পানির ট্যাংক এবং একটি অস্থায়ী ওয়াশরুম করেছিলেন রাজীব শাহ।
অভিযোগ রয়েছে, মসজিদের ইটগুলো নির্মাণাধীন নাট্যমঞ্চ থেকে চুরি করেছেন রাজীব শাহ। এই কাজে বাধা দিলে তিনি নিরাপত্তা প্রহরীদের ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে গালাগাল করেছেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ উচ্ছেদে ডিএনসিসি ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়। স্ট্রিম ছবি
নাট্যমঞ্চের নিরাপত্তার দায়িত্বে থাকা শরীফুল মোল্লা স্ট্রিমকে বলেন, ‘নাট্যমঞ্চের ইটগুলো রাজীব শাহ নিতে এলে আমরা বাধা দিই। তখন তিনি আমাদের নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে গালাগাল করেন। পরে গভীর রাতে এবং ভারী বৃষ্টির মধ্যে আমাদের চোখ ফাঁকি দিয়ে তিনি কয়েকশ’ ইট নিয়ে যান।’
এক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্টেট আমিনুল ইসলাম বলেন, ‘অভিযানের সময় আমরা রাজীব শাহ কিংবা মসজিদে ইমাম– কাউকে পাইনি। লিখিত অভিযোগ পেলে চুরির বিষয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’