Image description

সিরাজগঞ্জে একটি মামলায় কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বাবলু মিয়া (৫২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জেলা কারাগারের জেলসুপার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বাবলু মিয়া জেলার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন পূর্ব বাহুকা গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

জেল সুপার মো. রফিকুল ইসলাম বলেন, বিস্ফোরক আইনে করা একটি মামলায় এক মাস আগে জেলহাজতে আসেন বাবলু মিয়া। বুধবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। দ্রুতই তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদ বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বাবলু মিয়া। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।