প্রতিকূল আবহাওয়ার কারণে সারা দেশে যেসব পরীক্ষার্থী পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল, তারা পুনরায় নিবন্ধন (রেজিস্ট্রেশন) করে ওই পরীক্ষায় অংশ নিতে পারবে। অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের জন্য বিশেষ এই সুযোগ দিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
সূত্র জানায়, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে পুনর্নিবন্ধনের প্রক্রিয়া, যোগ্যতা ও অন্যান্য নির্দেশনা-সংবলিত বিস্তারিত নীতিমালাও প্রকাশ করা হবে।
এদিকে বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা গ্রহণের পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ১৬ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পৃথক বিজ্ঞপ্তিতে বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, অংশীজনদের মতামত এবং সড়ক যোগাযোগে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।
একই সিদ্ধান্তের আওতায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ও স্থগিত করা হয়।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলার বাইরে অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে।
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তাদের জন্য মোট পরীক্ষাকেন্দ্র রয়েছে ২ হাজার ৬৯৭টি। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬২৬টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্র রয়েছে।