Image description

পাবনার সাঁথিয়ায় এক লিবিয়াপ্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আলিফ (২৩) রঘুনাথপুর গ্রামের মৃত রইজ শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে লিবিয়া যান ওই এলাকার বাসিন্দা বাদশা। এরপর তার স্ত্রীর সঙ্গে আলিফের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের। সম্পর্কের জের ধরে সোমবার (২০ জুলাই) রাতে আলিফ ওই নারীর বাড়িতে যান। মঙ্গলবার সকাল ৯টার দিকে পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে আলিফের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পরকীয়া প্রেমের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শীর্ষনিউজ