হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) দেশে আরও চার শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে প্রাণ গেল ৭৯৭ শিশুর।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৬ জুন হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৭০০ ছাড়িয়েছে। সব মিলে ৭০২ শিশুর মৃত্যু হয়েছে। এর ২৬ দিনের মাথায় মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই হলো।
২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেটে দুইজন, রাজশাহীতে একজন ও ময়মনসিংহে একজন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার আটজন শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৩০ শিশুর। আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৩৪ হাজার ১৫৬ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ২ হাজার ২৪৪ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮ হাজার ৪১১ শিশু।