Image description

খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংসসহ এক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজারপাড়াসংলগ্ন এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ কেজি হরিণের মাংস জব্দ করা হয় এবং এক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে জব্দ করা হরিণের মাংস ও আটক ব্যক্তিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বন্যপ্রাণী হত্যা, শিকার ও পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডের এমন নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।