Image description

ঢাকার ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলায়ও জামিন পেয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এর ফলে তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন মঞ্জুর হওয়ায় কারামুক্তিতে আর কোনও আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তৌহিদ আফ্রিদির পক্ষে আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জামিন আবেদন করেন। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।

পরে অ্যাডভোকেট ইকবাল মাহমুদ শোভন বলেন, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আজ ওয়ারী থানার মামলায়ও জামিন পাওয়ায় সব মামলায় তার জামিন সম্পন্ন হয়েছে। ফলে তার মুক্তিতে আর কোনও বাধা নেই।

গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়।

এ মামলায় গত ১১ জুন তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানোর আবেদন করেন ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান। আদালতের আদেশে ১৫ জুন তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৩ জানুয়ারি সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি হোয়াটসঅ্যাপে একটি ফ্রিল্যান্সিং কাজের প্রস্তাব পান। ‘ফাতেমা ঐশ্বী’ পরিচয়ে এক ব্যক্তি তাকে গুগলে রিভিউ দেওয়ার কাজ এবং টেলিগ্রাম অ্যাপ ব্যবহারের পরামর্শ দেন। প্রথমে কাজের পারিশ্রমিক হিসেবে তাকে ৩০০ টাকা দেওয়া হয়।

পরদিন ‘লিসা’ নামে আরেক ব্যক্তি তাকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করেন। সেখানে অন্য সদস্যদের টাকা বিনিয়োগ করে লাভসহ ফেরত পাওয়ার স্ক্রিনশট দেখে আশ্বস্ত হয়ে দ্যূতি প্রথমে দুই হাজার টাকা পাঠান। ওই দিনই তিনি আসলসহ দুই হাজার ৮০০ টাকা ফেরত পান।

পরবর্তীতে বিভিন্ন ধাপে আরও বিনিয়োগে উৎসাহিত করে তার কাছ থেকে মোট দুই লাখ ৩৫ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়। এ ঘটনায় গত বছরের জানুয়ারিতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা দায়ের করেন সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি।