গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ২০৪ জন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে বিজয়ী ৪৮ জন প্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সোমবার (২০ জুলাই) গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ মালেক অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চলতি সেশনে প্রতিষ্ঠানটি থেকে মোট ২০৪ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তা’মীরুল মিল্লাতের ৪৮ জন সাবেক শিক্ষার্থী বিজয়ী হওয়ায় তাদেরও বিশেষ সম্মাননা জানানো হয়।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান এবং প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষকরা। এ ছাড়া অনুষ্ঠানে টাকসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান বলেন, তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা কেবল একাডেমিক মেধার পরিচয়ই দিচ্ছে না, বরং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর ছাত্র সংসদের নেতৃত্বেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। এই সাফল্য প্রতিষ্ঠানের সুশিক্ষা ও শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফসল।
অনুষ্ঠানে উপস্থিত কৃতী শিক্ষার্থী ও ছাত্র সংসদে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। নবীন ও কৃতী শিক্ষার্থীদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে প্রতিষ্ঠানটির দুই শতাধিক বর্তমান শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিল।