Image description

ঠাকুরগাঁওয়ে ১৪ বছরে কিশোরীকে ধর্ষণে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্য তিন আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

১৫ বছর আগের এ মামলায় আজ রবিবার দুপুরে এ রায় দেন ঠাকুরগাঁও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আলী মনসুর। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. বদিউজ্জামান চৌধুরী বাদল এসব নিশ্চিত করেছেন।

আমৃত্যু কারাদণ্ডের আসামিরা হলেন, মো. আনিস রানা, মো. সাইফুল ইসলাম ও মো. দুলাল। তাদেরকে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, তারা ফৌজদারি কার্যবিধির ৩৫(এ) ধারা বা জেল কোড অনুযায়ী কোনো ধরনের রেমিশন (সাজা হ্রাস) সুবিধা পাবেন না।

যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন, মো. আনিছুর, মো. খতিবুর খতু ও মো. লালু। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে ছিলেন। পলাতক আনিস রানাকে গ্রেপ্তারে জারি করা হয়েছে পরোয়ানা।

মামলার নথি বলছে, ২০১১ সালের ২১ অক্টোবর সদর উপজেলার দক্ষিণ সালন্দর এলাকার ওই কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার চার দিন পর মেয়েটির বাবা ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে প্রায় ১৫ বছর পর এ মামলার রায় হলো।