চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে চুরির অভিযোগে আটক হওয়ার পর অনুতপ্ত হয়ে ভালো হওয়ার অঙ্গীকার করেছিলেন মো. ফয়জুল করিম নামের এক যুবক।
স্থানীয়রা তাকে ক্ষমা করে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করিয়ে ছেড়ে দিলেও, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ওই রাতেই মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।
শুক্রবার বিকেলে জোরারগঞ্জ ইউনিয়নের ফকির আস্তানা এলাকায় স্থানীয়রা মোবাইল ফোন ও ব্যাগ চুরির অভিযোগে ফয়জুলকে আটক করে।
এ সময় তিনি আর কখনো চুরি বা অসৎ কাজে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দিলে, স্থানীয়রা তার অসহায়ত্ব বিবেচনা করে সংশোধনের একটি সুযোগ দেন। কিন্তু এই ঘটনার পর ওই রাতেই মাদক সেবন ও বিক্রির অভিযোগে জোরারগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় যুবকরা জানান, ভালো হওয়ার সুযোগ দেওয়ার পরও কয়েক ঘণ্টার মধ্যে তার মাদকসহ গ্রেপ্তার হওয়ার বিষয়টি অত্যন্ত হতাশাজনক।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতের মাধ্যমে এরই মধ্যে কারাগারে পাঠানো হয়েছে।