‘হারিয়ে ফেলতে চাইনি বলেই আমাদের সম্পর্কের নাম দিয়েছি স্বামী-স্ত্রী। যদি তোমাকে হারানোর ইচ্ছে থাকত, যদি এই ভালোবাসা ক্ষণিকের মোহ হতো, তবে কখনোই এত পবিত্র এক বন্ধনের নামে তোমাকে নিজের বলে ঘোষণা করতাম না। কখনোই তোমাকে নিজের নামে লিখিত করতাম না।’
মৃত্যুর আগে নিজের ফেসবুক ওয়ালে এক বুক হাহাকার আর অভিমান নিয়ে এই হৃদয়বিদারক কথাগুলো লিখেছিলেন রাজধানীর ডেমরা পুলিশ লাইনে কর্মরত তরুণ কনস্টেবল সাইদুল ইসলাম (২১)। বুকপকেটে মেডেলের অহংকার আর গায়ে জড়ানো ডিউটির কড়া খাকি ইউনিফর্ম যে কতটা মিথ্যে বর্ম হতে পারে, তা হয়তো তার সহকর্মীরাও কখনো টের পাননি।
ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের সমস্ত আশা-ভরসার প্রতীক, মাত্র ২১ বছরের এই তরুণের খাকি পোশাকের বয়স হয়েছিল মাত্র ৯ মাস। কিন্তু এক নিদারুণ আবেগীয় টানাপোড়েন, বিশ্বাসের চরম ভাঙন আর একাকীত্বের নীল বিষন্নতার কাছে হেরে গিয়ে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের নবম তলায় নিজের কক্ষেই চিরবিদায়ের পথ বেছে নেন তিনি। ফেলে গেছেন জন্মদাতা বাবার বুকফাটা আর্তনাদ, সহকর্মীদের স্তব্ধ চাহনি আর ডেমরা থানা পুলিশের একটি অপমৃত্যু মামলা।
মৃত্যুর আগে ফেসবুকে দেওয়া তার শেষ চিঠির প্রতিটি শব্দ আজ এক চরম ট্র্যাজিক দলিল, যা কাঁপিয়ে দিয়েছে পুরো সামাজিক মাধ্যম।
ফেসবুকে নিজের মানসিক দহন প্রকাশ করে সাইদুল লিখেছিলেন— ‘দিনের বেলা আমি যোদ্ধা... কিন্তু রাত? রাত আসলেই সব মুখোশ খুলে যায়। যে মানুষটা দিনের আলোয় পাহাড় ঠেলতো, সে রাতের অন্ধকারে একটা মেসেজের কাছে ভেঙে পড়ে। লোকে বলে 'সময় সব ঠিক করে দেয়', আমি হাসি কারণ আমি জানি কিছু ক্ষত সময়ে না, অভ্যাসে ভালো হয়; আর তোমাকে ভোলার অভ্যাসটা আমার হচ্ছে না। এটাই এখন আমার জীবন— দিনে যুদ্ধ, রাতে পরাজয়; বাইরে আগুন, ভেতরে ছাই। একটা শেষ হয়ে যাওয়া মন নিয়ে রোজ বেঁচে থাকার মিথ্যে অভিনয়...’
নিহত সাইদুলের পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের নবম তলার একটি কক্ষে থাকতেন তিনি। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন, তখন তিনি নিজ কক্ষে গলায় ফাঁস দেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
শুক্রবার (১৭ জুলাই) ভোরে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেমরা পুলিশ লাইন্সের একই ভবনে সাইদুলের ঠিক পাশের সিটে থাকা এক পুলিশ সদস্যের বরাতে উপপরিদর্শক (এসআই) নজরুল জানান, সাইদুল চলতি বছরের ২ ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে পুলিশে জয়েন করেছিলেন। তিনি অত্যন্ত হাসিখুশি ও উদ্যমী স্বভাবের ছেলে ছিলেন। তার মনের ভেতর যে এমন গভীর বিষাদ ও আত্মহননের পরিকল্পনা চলছিল, তা পাশের সিটে থেকেও কেউ টের পাননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে গুরুত্বের সঙ্গে অবহিত করা হয়েছে।
স্বজন ও সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, বিগত দুই-আড়াই মাস ধরে তীব্র মানসিক অবসাদের এক অন্ধকার গলিতে বন্দি ছিলেন সাইদুল। ওপরে প্রাণোচ্ছল থাকলেও ভেতরে ভেতরে এক গভীর আবেগীয় সম্পর্কের জটিলতা তাকে তিলে তিলে কুড়ে খাচ্ছিল। পরিবার বিস্তারিত না জানলেও একটি মেয়ের সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিল, যাকে তিনি মনে-প্রাণে নিজের অর্ধাঙ্গিনী ভাবতেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে বিবাহিত ছিলেন না, এটি ছিল একটি গভীর প্রেমের সম্পর্ক।
আত্মহননের চূড়ান্ত পথ বেছে নেওয়ার আগে সাইদুল তার ফেসবুক আইডিতে ধাপে ধাপে নিজের চলে যাওয়ার স্পষ্ট আভাস দিয়ে আসছিলেন। গত ২৩ জুন তিনি লিখেছিলেন, ‘হে জীবন তুমি সংক্ষিপ্ত হয়ে যাও, বেদনার রজনী সংক্ষিপ্ত হবার নয়...!!’
এর ঠিক এক সপ্তাহ পর ৩০ জুন তার প্রোফাইলে ভেসে উঠে আরও এক প্রচ্ছন্ন বিদায়ের সুর, যেখানে তিনি লেখেন, ‘আত্মারও একটা আত্মসম্মান আছে, সুতরাং বিদায়...।’
এরপর গত ১৪ জুলাই সম্পর্কের তীব্র টানাপোড়েন ও অভিমান প্রকাশ করে তিনি পোস্ট করেন, ‘দরজাটা তুমি বন্ধ করলা, শাস্তিটা আমি পাইলাম, মানুষ বিয়েটাও এখন ট্রায়াল দিয়ে দেখে কি অদ্ভুত বাস্তবতা..!! শেষে এটাই মেনে নিলাম: যে থাকে না তাকে জোর করে স্টকে রাখি না। এটাই শেষ চিঠি তোমার নামে, আর কোনো অক্ষর খরচ হবে না। এরপর থেকে তুমি শুধু নীরবতা। চিরতরে বিদায়।’
আইনি বিচ্ছেদের ভিডিও ও শেষ আকুতি
ঠিক মৃত্যুর আগে ফেসবুকে স্ত্রীকে উদ্দেশ্য করে একটি চরম হৃদয়বিদারক ভিডিও পোস্ট করেন সাইদুল, যা মূলত তার জীবনের শেষ আকুতি ও চিরকুট। ভিডিওটিতে দেখা যায়— তাদের মধুর মিলনের পর আবার বিচ্ছেদের সেই নির্মম মুহূর্ত, যেখানে তারা আইনজীবীর (অ্যাডভোকেট) সামনে বেশ বিষণ্ণ মনে বসে রয়েছেন এবং বিচ্ছেদের দলিলে খাতায় স্বাক্ষর করছেন। এই আইনি বিচ্ছেদের চূড়ান্ত দৃশ্যের সঙ্গে তাদের পুরনো একসঙ্গে কাটানো কিছু সোনালী সুখের স্মৃতির ছবি ও ভিডিও সংযুক্ত করে এক বুক হাহাকার নিয়ে সাইদুল বিদায় নেন।
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে, হঠাৎ যেন সে জগৎটাকে দুই দিনেই চোখের সামনে ভেঙেচুরে চুরমার করে দিলে। আমি সবকিছু চুপচাপ দেখে গেলাম। সমুদ্রের মাঝখানে তরী ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যেমন কুলের দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেনে নেয়, সদরে গ্রহণ করে মৃত্যুকে, তেমনি আমারও যেন কিছুই করার নেই। কত তুচ্ছ বাহানা দিয়ে মানুষ একটা গভীরতম সম্পর্কের ইতি টানে, আমি অবাক হই, মানুষ আসলেই কি মানুষকে ভালোবাসে..? জানো.? মাঝে মাঝে কেন জানি নিজেরে দেখলে নিজের অনেক মায়া লাগে, হাহাকার লাগে কি হয়ে গেলাম কি বানাইয়া গেলা, আচ্ছা বলতো আমার দোষটা কি ছিল.? কি করছিলাম আমি.? তোমারে ভালোবাসাটা অপরাধ.? নাকি সব কিছু উপেক্ষা করে তোমাকে বিয়ে করাটা অপরাধ.?’
হৃদয় কাঁপানো সেই দীর্ঘ পোস্টে তিনি আরও লিখেছিলেন, ‘তুমি না বলছিলা মৃত্যু ছাড়া তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না? এখন কই তুমি? আমিতো তোমার অভাবেই শেষ হয়ে গেলাম, অনেকবারই তো আঘাত করছো সব ভুলে বার বার মাপ করে তোমাকে বুকে টেনে নিলাম এই মূল্য দিলা.? একেবারেই শেষ করে দিতে আসলা? আমি তো নিয়তি মেনে নিয়ে দূরেই ছিলাম তোমার থেকে কেন আবার আসছিলা কেন এত কাছে আসচিলা? কোন উত্তর খুঁজে পাইনা আমি। শুধু দ্বিতীয় বার না, তৃতীয় বার না, চতুর্থ বার না, আমি হাজার বার সুযোগ দিয়েছি। কিন্তু তুমি প্রতিবারই আমাকে বুঝিয়ে দিয়েছো মানুষকে এতটাও বিশ্বাস করতে হয় না, যে বিশ্বাস করলে নিজেই আর বাঁচার সুযোগ থাকে না। আমার কাছে এই সম্পর্ক কোনো সাময়িক অনুভূতি নয় এটি আজীবনের অঙ্গীকার, বিশ্বস্ততা আর একে অপরকে পাশে থাকার নীরব শপথ ছিল কিন্তু তুমি সব শেষ করে দিলা। আচ্ছা যদি যাওয়ারই ছিল আসছিলাই কেন.? বহুকাল বয়ে বেড়াতে হবে হৃদয় ভাঙা এই ব্যথা, হয়তো এই জন্মে আর সেরে উঠবে না মৃত্যু ছাড়া। তাই আমি সেই পথেই গেলাম। সারা জীবন মানুষকে বুঝাইলাম অথচ দিন শেষে এসে দেখি আমি নিজেই অবুঝ..!’
‘মাপ করবেন আপনাদের অযোগ্য ছেলেকে’
পোস্টের শেষাংশে এসে নিজের জন্মদাতা বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে এই তরুণ কনস্টেবল লেখেন, ‘যাও ভালো থাকো যতটুকু দূরত্ব নিয়ে তুমি চলে গেলে তার থেকে দ্বিগুণ দূরত্ব নিয়ে আমি হারিয়ে গেলাম সুখে থাকো এটাই কামনা। তোমাকে বলেছিলাম না এটাই আমার শেষ শক্তি হয়তো তুমি, নয়তো আমি শেষ। নাও তারও প্রমাণ দিলাম সারা জীবন তো প্রমাণই দিয়ে আসলাম তারপরও। যাই হোক। তুমি তো জানোই চাইলে আমি অনেক কিছুই করতে পারতাম কিন্তু আমার প্রতিপক্ষ তো তুমি হয়ে গেলা কি আর করব, যাও প্রমাণ সব তোমার অনুকূলে কারণ আমার পক্ষের উকিল হচ্ছে এমন নীরবতা আমার নীরবে হারিয়ে যাওয়া, যেখানে তুমি জবানবন্দি দিলে আর তুমি দিলে বিচ্ছেদের চূড়ান্ত রায়। দুঃখিত আম্মু আব্বু আপনাদের ছেলে আর নিতে পারতেছে না আম্মু আর পারতেছে না আর তিলে তিলে মরার শক্তি আমার নাই। মাপ করবেন আপনাদের অযোগ্য ছেলেকে। আমার যেন আর কিছুই করার নেই। একদম ভেঙে চুরে শেষ হয়ে গেলাম।’
মৃত্যুর ঠিক কয়েক ঘণ্টা আগে তিনি আরেকটি পোস্টে তার মনের তীব্র দহন প্রকাশ করে লিখেছিলেন, ‘মন হৃদয়টা আর বাজে না, পুরোপুরি শেষ, একদম নিঃশব্দ একটা কবরখানা। ভেতরে আর কোনো শব্দ নেই, শুধু পুরনো দেয়ালে ঝুলে থাকা তোমার রেখে যাওয়া কিছু ফ্রেম যা খুলে ফেলার সাহস হয় না। তবু আমি অভিনয় করি প্রতিদিন, সকালে ঘুম থেকে উঠে চোখে পানি মুছে ঠোঁটে হাসির রং লাগাই, বন্ধুদের আড্ডায় সবচেয়ে জোরে হাসি, স্ট্যাটাসে লিখি 'নিজেকে নিয়ে ব্যস্ত', সবাইকে দেখাই আমি কত স্ট্রং। কেউ বোঝে না এই স্ট্রংনেসটা আসলে একটা ইউনিফর্ম, যুদ্ধের ময়দানে পরে থাকা মিথ্যে বর্ম, ভেতরে রক্ত ঝরে, বাইরে মেডেল ঝোলে। ...অনেক চেয়েছি শক্ত হতে, নিজেকে বুঝিয়েছি 'যা গেছে তা গেছে', নতুন করে শুরু করেছি একশো বার, কিন্তু মন তো কাগজ না যে চাইলেই নতুন পাতা পাওয়া যায়। এটা মাংসের টুকরো যেখানে তোমার নামটা খোদাই হয়ে আছে, যতই ঘষি, দাগটা থেকে যায়। ...তাই আমি আবার সকালে উঠি, আবার স্ট্রং সাজি, আবার মানুষকে দেখাই আমার কিছু হয়নি, আর রাতে আবার হেরে যাই স্মৃতির কাছে, নিজের কাছে, নিজের মিথ্যের কাছে। ...যদি কোনোদিন সত্যি স্ট্রং হতে পারি, সেদিন তোমাকে চিঠি লিখবো না, শুধু নিজেকে বলবো 'যুদ্ধটা শেষ পর্যন্ত জিতেছি'। কিন্তু আজ? আজও আমি হেরে যাচ্ছি, দিনশেষে তোমার স্মৃতির কাছে’
স্বপ্নভঙ্গের বেদনায় বাকরুদ্ধ পরিবার
ছেলের এই আকস্মিক ও মর্মান্তিক পরিণতিতে সম্পূর্ণ স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা মোহাম্মদ সাদেক। গ্রামীণ সমাজের লোকলজ্জা আর বুকফাটা কান্না চেপে হাউমাউ করে কেঁদে উঠে তিনি বলেন, ‘এ বছরের ফেব্রুয়ারি মাসের ২ তারিখে বাংলাদেশ পুলিশে জয়েন করেছে। অনেক স্বপ্ন নিয়ে আমার এই ছেলে... আমার এবং আমার ছেলের স্বপ্ন ছিল খুব বড় কিছু। সব এক মুহূর্তেই শেষ হয়ে গেল! আমি কি করমু? আমি কি বলমু? আমি জানি না। কেউ কিছু জানে না, তার ফেসবুকে আমিও দেখতে পেয়েছি। যা হয়েছে সে জানে আর আল্লাহই জানে। তাছাড়া তার মোবাইল থেকে শুরু করে সবকিছু পুলিশ নিয়ে গেছে। আর আমরা বুঝি না, গ্রামের মানুষ। আমার মন মানসিকতাও ঠিক নেই।’
সামাজিক সম্মানের ভয়ে পরিবারটি এতটাই ভেঙে পড়েছে যে, লোকলজ্জার আশঙ্কায় সাইদুলের ভাই-বোন বা অন্য কোনো সদস্য সংবাদমাধ্যমের সামনে নিজেদের পরিচয় দিতে বা আর কোনো তথ্য দিতে রাজি হননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাইদুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পুলিশ প্রশাসন। ডিএমপি কল্যাণ ট্রাস্টের এএসআই কামরুল পুরো প্রক্রিয়ার বিস্তারিত জানিয়ে বলেন, ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সহকর্মীদের উপস্থিতিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশ ডেমরা পুলিশ লাইন্সে নেওয়া হলে সেখানে সহকর্মী ও স্থানীয়দের অশ্রুসিক্ত উপস্থিতিতে দ্বিতীয় জানাজা সম্পন্ন করা হয়। দুই দফা জানাজা সম্পন্ন করার পরই লাশটি চূড়ান্তভাবে তার শোকসন্তপ্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্বজনরা চোখের জলে ভাসতে ভাসতে তার নিথর দেহ গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামে নিয়ে যান এবং সেখানে আরেকটি জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় দাফন করা হয়।
ডেমরা থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় ইতোমধ্যেই একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে এবং তদন্তের স্বার্থে সাইদুলের ব্যবহৃত মোবাইল ফোনসহ যাবতীয় আলামত পুলিশ হেফাজতে নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালানো হচ্ছে। তিল তিল করে গড়ে তোলা একটি মধ্যবিত্ত পরিবারের আকাশছোঁয়া স্বপ্ন আর একজন উদ্যমী তরুণ পুলিশ সদস্যের এমন নিঃশব্দে ধুলোয় মিশে যাওয়া ডেমরা পুলিশ লাইন্স ও তার নিজ গ্রামে এক নিথর, স্তব্ধ ও গভীর শোকাতুর পরিবেশের সৃষ্টি করেছে।