মাগুরার সদর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় ঘটে এই দুর্ঘটনা। নিহত ফিরোজ চাঁদপুর গ্রামের বিসারত বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে কয়েকজন ব্যক্তি চাঁদপুর পশ্চিমপাড়া মাঠের একটি বৈদ্যুতিক খুঁটিতে নেমে ট্রান্সফরমারটি খুলে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত খুঁটির লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার এই নির্মম পরিণতি দেখে সঙ্গে থাকা বাকি সহযোগীরা ভয়ে মরদেহটি ফেলে রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আজ শনিবার সকালে স্থানীয় এক কৃষক মাঠের রাস্তার পাশে ফিরোজের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এ সময় মরদেহের পাশ থেকে ট্রান্সফরমার খোলার কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চরম অভাব-অনটনের কারণে ফিরোজ বিশ্বাস মাঝেমধ্যে চুরির মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তেন বলে এলাকায় কথা প্রচলিত রয়েছে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আতাউল গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।