Image description

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-৩ (মহিলা) থেকে এক নারী বন্দি নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পলাতক ওই নারী বন্দির নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে।

কারা সূত্রে জানা গেছে, রিম্পা ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-৩ (মহিলা) কারাগারে আটক ছিলেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দি রিম্পা নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারে কারা কর্তৃপক্ষ। পরে এ ঘটনায় কারাগারের পক্ষ থেকে থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

ঢাকাটাইমস