রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রংপুর জেলা প্রশাসক যৌথভাবে এ স্মরণ সভার আয়োজক ছিলেন। সভায় প্রায় ২৫ মিনিটের বেশি সময় ধরে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।
এক শিক্ষার্থীর বক্তব্যের সূত্র ধরে মন্ত্রী বলেন, এটা আবু সাঈদ চত্বর। আমি ধারণা করেছিলাম, আজকে এই চত্বরে যত গরমই থাকুক না কেন, আবু সাঈদকে স্মরণ করে একাকার হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকারা। তিলধারণের জায়গা থাকবে না; কিন্তু হতাশ হয়েছি। আবু সাঈদের সহপাঠীরা এই আয়োজনকে কেন চমৎকার করে গড়ে তুললেন না? কেন অর্ধেক চেয়ার খালি পড়ে আছে? আমি যদি বলি অর্ধেকের বেশি চেয়ার খালি। শুধু আমার জন্য না, এটা আপনাদের সবার জন্য অনেক কষ্টের।
মন্ত্রী বলেন, ডায়াসে আমরা অনেক চমৎকার বক্তৃতা করি; কিন্তু বক্তৃতার বাস্তবায়নটা করি না। বক্তৃতার বাস্তবায়নটাই সময়ের দাবি। আজকে যদি এই চত্বরটা লোকে-লোকারণ্য থাকত। আবু সাঈদ কবর থেকে শান্তি পেত। আবু সাঈদ কবর থেকে হয়তো বলতো আমার সহপাঠীরা ১৬ জুলাই আমাকে কিভাবে স্মরণ করছেন।
মন্ত্রী বলেন, আমি দুঃখিত ও হতাশ হয়েছি আবু সাঈদ স্মরণ অনুষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি এত কম দেখে।