Image description

বিশ্বকাপ ফুটবল শুরু হলেই তারকাদের সমর্থন, ভবিষ্যদ্বাণী আর নানা প্রতিশ্রুতি নিয়ে সরগরম হয়ে ওঠে সামাজিকমাধ্যম। কেউ প্রিয় দলের জয়ে বিশেষ উদযাপনের ঘোষণা দেন, আবার কেউ ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তও জড়িয়ে ফেলেন ফুটবলের সঙ্গে।

তবে সেই দলে নেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

 

আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক হলেও প্রিয় দলের সাফল্যের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মেলাতে নারাজ এই অভিনেত্রী।

তার ভাষ্য, ফুটবল দলের জয়-পরাজয়ের ওপর বিয়ের মতো জীবনের বড় সিদ্ধান্ত নির্ভর করে না।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিশা বলেন, ‘এখন মানুষ আমাকে বলতে পারে আমি আর্জেন্টিনা, আর্জেন্টিনা জিতে গেছে।

ইভেন আমি জার্সি পরে কোনো ছবিও দেইনি। আমি অজস্রবার বলেছি, আমি আর্জেন্টিনা কারণ আমার বাবা আর্জেন্টিনার সমর্থক ছিলেন, তাই আমিও আর্জেন্টিনা।

 

বিশ্বকাপ কিংবা বড় কোনো টুর্নামেন্টে প্রিয় দল চ্যাম্পিয়ন হলে তারকাদের নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিশার কাছে জানতে চাওয়া হয়- আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি কি বিয়ে করবেন?

এমন প্রশ্ন শুনে কিছুটা বিস্ময় প্রকাশ করেন অভিনেত্রী। পরে হেসেই পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক?’

তিশার সংক্ষিপ্ত এই জবাবই সামাজিকমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার মন্তব্যের প্রশংসা করছেন। তাদের মতে, খেলার প্রতি সমর্থন এক বিষয়, আর ব্যক্তিগত জীবন ও বিয়ের সিদ্ধান্ত সম্পূর্ণ ভিন্ন বিষয়।

প্রসঙ্গত, এর আগে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি সামাজিকমাধ্যমে মজার ছলে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব।’ সেই পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই আর্জেন্টিনা সমর্থক তারকাদের কাছে বিয়ে নিয়ে এমন প্রশ্ন করা হচ্ছে। তবে তানজিন তিশা স্পষ্ট জানিয়ে দিলেন, প্রিয় দলের সাফল্যের সঙ্গে তার বিয়ের কোনো সম্পর্ক নেই।