রাজধানীর বংশালে বাথরুমে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে দ্বীন ইসলাম সিয়াম (২০) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে তার মৃত্যু হয়।
এর আগে গত ১২ জুলাই রাত ১ টার দিকে বংশালের নাজিমউদ্দীন রোড আলীনেকি দেউরী ভিকটিমের ঘরের বাথরুমে ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
এর আগে গত ১২ জুলাই রাত ১টার দিকে বংশালের নাজিমউদ্দীন রোডের আলীনেকি দেউড়িতে ভুক্তভোগীর বাসার বাথরুমে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
মৃতের বাবার নাম আনোয়ার হোসেন। দ্বীন ইসলাম স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
বংশাল থানার এসআই আবুল হোসেন বলেন, দ্বীন ইসলাম নিজ বাসার বাথরুমে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণে আগুন লেগে দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি আরও বলেন, বাথরুমে আগে থেকেই কোনোভাবে গ্যাস জমে ছিল। সিগারেট ধরাতে লাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে তিনি দগ্ধ হন।