Image description

ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দায়িত্ব পেলে সবার আগে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করা হবে এবং ঘুষের বাণিজ্য বন্ধ করে সেবামূলক প্রতিষ্ঠানটিকে জনগণের হাতের নাগালে নিয়ে আসা হবে।

 

তিনি জানান, বর্তমানের অগোছালো ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার পরিবর্তে জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

 

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, নাগরিকদের পানি, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা একটি সমন্বিত ডিজিটাল অ্যাপ ও প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া হবে। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে মরা খাল উদ্ধার করে হাইড্রোলজিক্যাল সার্ভের ভিত্তিতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি ময়লা আবর্জনা পুনর্ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং কলম তৈরির মতো শিল্প গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

 

তিনি আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে ‘মেয়র স্টার্টআপ ইনকিউবেশন সেন্টার’ এবং বিনা সুদে ঋণ প্রদানের জন্য ‘করজে হাসানা ফান্ড’ গঠন করা হবে।

 

এ ছাড়া বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে মেকানিক্যাল সুইপিং গাড়ি চালু এবং হাইড্রোলিক হর্ন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।