Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলওয়ে স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে এক ফুড কার্ট কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। পরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. শাহিন শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয় স্টেশনে অবস্থিত ‘কার্গো ক্যাফে’ নামের একটি ফুড কার্টে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্নাতক প্রথম বর্ষের এক ছাত্রী বিকেল ৪টা ৪০ মিনিটের চট্টগ্রামগামী শাটল ট্রেনে ওঠার সময় শাহিন তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন। এ ঘটনাকে যৌন হেনস্থা বলে অভিযোগ করেন ওই ছাত্রী। ঘটনার পর উপস্থিত শিক্ষার্থীরা শাহিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত ও ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে যান।

সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসাইন শহীদ সোহরাওয়ার্দী ও সহকারী প্রক্টরদের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। পরে ভুক্তভোগীর সম্মতিতে রাত প্রায় ১০টার দিকে শাহিনকে চট্টগ্রাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়। একই রাতে ওই ছাত্রী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ভুক্তভোগী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং নিজের পরিচয় গোপন রাখার অনুরোধ জানান।

প্রক্টর অধ্যাপক হোসাইন শহীদ সোহরাওয়ার্দী বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।