Image description

চট্টগ্রাম নগরে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় প্রতিষ্ঠানের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই কোটি টাকা চাঁদা না দেয়ায় সন্ত্রাসী সাজ্জাদ বাহিনী এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গতকাল দুপুরে নগরের চকবাজার থানার চন্দনপুরা এক্সেস রোডে অবস্থিত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডটনেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোরে প্রায় ৪০ জন মুখোশধারী ও দেশীয় অস্ত্রে সজ্জিত ব্যক্তি হঠাৎ করে প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রবেশ করে। তারা অফিসজুড়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং সেখানে থাকা কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে।

ডিজিটাল ডটনেট-এর দায়িত্বরত ইফতেখার তৌফিক বলেন, আমরা তো ঘটনার পর অফিসে আসছি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চকবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্রের দাবি, চাঁদা না দেয়ায় দুবাইয়ে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। দুইদিন আগে বিদেশি একটি নম্বর থেকে প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুনের কাছে সন্ত্রাসী ডেভিড ইমনের পরিচয়ে একজন ফোন দেন। এতে সন্ত্রাসী ইমন আদিলের কাছে ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা ও মাসিক ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় পরবর্তীতে এই হামলা চালানো হয়। আদিল বিন মামুন অভিযোগ করেন, চাঁদা না দেয়ায় সন্ত্রাসী ডেবিট মামুনের লোকজন হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী বলে দাবি করেন তিনি।

জানা যায়, সন্ত্রাসী ডেবিট ইমনের আসল নাম মোবারক হোসেন। একসময় ফটিকছড়ির আওয়ামী লীগ নেতা আবু তৈয়বের অনুসারী হিসাবে এলাকায় পরিচিত ছিলো সে। তবে ৫ই আগস্টের পটপরিবর্তনের পর চট্টগ্রাম শহরে এসে সন্ত্রাসী সাজ্জাদের গ্রুপে যোগ দেন। এখানে এসে সে ডেবিট ইমন নাম ধারণ করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে ২০২৫ সালের ৩০শে মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন এবং একই বছরের ২৩শে মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। এরমধ্যে গত ৯ই মে ৫০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বিপ্লব পার্থ নামের এক সাংবাদিককে গুলি করার হুমকি দেন ইমন। সন্ত্রাসী বড় সাজ্জাদ ও ইমন চট্টগ্রামের এক প্রভাবশালী বিএনপি নেতার নাম ভাঙিয়ে চলে বলে অভিযোগ রয়েছে।

এদিকে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলার বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, কারা এ হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।