নীলফামারীর কিশোরগঞ্জে একটি বিদ্যালয়ে মিড-ডে মিলে শিক্ষার্থীদের মধ্যে পচা ডিম বিতরণচেষ্টার ঘটনা ধরা পড়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পচা ডিম দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কর্মসূচির আওতায় সম্প্রতি দেশের কিছু এলাকায় পচা বা কাঁচাকলা, নিম্নমানের বানরুটি ও নষ্ট সেদ্ধ ডিম বিতরণের ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মান পরিদর্শনের জন্য ওই বিদ্যালয়ে যান। এসময়ে শিক্ষার্থীদের জন্য দেওয়া খাবারে পচা ডিম পান। পরে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ায় নির্দেশ দেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা বলেন, ‘ইউএনও পরিদর্শনে এসেছিলেন। তিনি এসে এডিম পচা পেয়েছেন। তাছাড়া তিনি বিদ্যালয়ের সব দিক ভালো পেয়েছেন।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি বিদ্যালয়ে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে এই খাবার দেওয়া হচ্ছে। খাবারের তালিকায় রয়েছে বানরুটি, সেদ্ধ ডিম, কলা, ইউএইচটি দুধ ও ফর্টিফায়েড বিস্কুট (বাড়তি পুষ্টিসমৃদ্ধ)।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের একটি প্রতিষ্ঠান ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে। বিষয়টি তিনি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান।