সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে আলোচিত ধর্ষণকাণ্ডের মামলার রায় ঘোষণা হবে আগামী মঙ্গলবার। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ বুধবার রায়ের দিন নির্ধারণ করেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার। ওই ঘটনায় হওয়া অস্ত্র মামলার রায়ও মঙ্গলবার দেবেন বিচারক।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন তথ্যগুলো নিশ্চিত করেছেন।
২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে (২০) সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই নারীর স্বামী শাহপরান থানায় পরে ছয়জনের নামে মামলা করেন। আরও দুইজনকে করা হয় অজ্ঞাত আসামি।
তিন দিনের মধ্যে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে এজাহারনামীয় ছয়জন ও সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। ডিএনএ পরীক্ষায় আট আসামির মধ্যে ছয়জনের সঙ্গে মেলে ধর্ষণের আলামত।
২০২১ সালের ৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য আটজনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আসামিরা হলেন- সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ও মাহফুজুর রহমান। তারা ছাত্রলীগের টিলাগড়কেন্দ্রিক রাজনীতিতে জড়িত ছিলেন।
ঘটনার রাতেই এমসি কলেজ ছাত্রাবাসে প্রধান আসামি সাইফুর রহমানের দখলে থাকা কক্ষে অভিযান চালায় পুলিশ। জব্দ করা হয় আগ্নেয়াস্ত্র। ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাইফুরের বিরুদ্ধে অস্ত্র আইনে হয় মামলা। পরে তাতে যুক্ত করা হয় শাহ মাহবুবুর রনির নামও।
বাদীর আবেদনে উচ্চ আদালত মামলাদুটি একই আদালতে সম্পন্ন করার আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, নারী ও শিশু ট্রাইব্যুনাল থেকে গত বছরের মে মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয় দুই মামলা।