Image description

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এছাড়া নতুন করে আরও ৮১৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা।

 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৭৪৭।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছেন ১২৮ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট নিশ্চিত হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৯৮ জনে।

 

এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৮১৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন।

 

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯২ হাজার ৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৮ হাজার ৪১৯ জন।