রাজধানীর আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছোরা, কুড়াল ও শাবলসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানার একটি দল শেখেরটেক ৭নং রোডের ব্রিজের ঢাল এলাকায় অভিযান চালায়।
ঘটনাস্থলে কয়েকজন ব্যক্তি সামুরাই, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। এ সময় সাতজনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্নেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) ও মো. নাহিদুল (২৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি লোহার চাপাতি, একটি স্টিলের ছোরা, দুটি স্টিলের চাপাতি, একটি লোহার কুড়াল ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়।
আদাবর থানা জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তাদের মধ্যে মো. মাইন উদ্দিনের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় দুটি, মো. ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় একটি এবং মো. সাইদের বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলা রয়েছে।
এ ঘটনায় আদাবর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।