Image description

জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আর তীব্র লোডশেডিং নিয়ে মানুষ যখন চরম ক্ষুব্ধ, ঠিক তখনই নড়েচড়ে বসেছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার বিকেলে ডাকা এক জরুরি ভার্চুয়াল সভায় স্পষ্ট বার্তা দেওয়া হলো— গ্রাহক ভোগান্তি আর সহ্য করা হবে না।

বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে এই সভায় ছিলেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণকারী সংস্থার প্রতিনিধিরা। আলোচনার কেন্দ্রে ছিল একটাই প্রশ্ন— হঠাৎ কেন এমন বিল এলো গ্রাহকদের ঘরে? অস্বাভাবিক বিলের অভিযোগ আসার কারণ উদঘাটন, লোডশেডিং নিয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়।

গ্রাহকদের একটি উল্লেখযোগ্য অংশ জুন মাসে অতিরিক্ত বিল পেয়েছেন, এমন অভিযোগের কথা উল্লেখ করে এ বিষয়ে বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর প্রধানদের বক্তব্য জানতে চাওয়া হয় এ সভায়।

 

 

ভুল হলে সংশোধন, অনিয়ম হলে শাস্তি :

বিদ্যুৎ সচিব স্পষ্ট জানিয়ে দেন, বিলে করণিক ভুল থাকলে তা অবিলম্বে সংশোধন করতে হবে। তবে কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম কিংবা অসদুপায় অবলম্বনের প্রমাণ মিললে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।

সভায় অভিযোগগুলো তদন্ত করে দ্রুত সমাধানের নির্দেশ প্রদান ও গ্রাহকসেবার মানোন্নয়নে জোর দেওয়ার অনুরোধ করেন বিদ্যুৎ সচিব।

বিদ্যুৎ সাশ্রয়ে জেলায় জেলায় রুফটপ সোলার সিস্টেম ও নেট মিটারিং চালুর বিষয়েও হয় আলোচনা।

গ্রাহকদের জন্য জরুরি হটলাইন :

অতিরিক্ত বিল সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত নিরসনে গ্রাহকদের সরাসরি বা হটলাইনে যোগাযোগের পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

হটলাইন নম্বরগুলো হলো— বিদ্যুৎ বিভাগ কেন্দ্রীয় সেবা (১৬৯৯৯), পিডিবি (১৬২০০), আরইবি (১৬৮৯৯), ডিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩), ওজোপাডিকো (১৬১১৭)।