Image description

তেলাপোকার মতো চাপ দিয়ে মেরে ফেলার হুমকির অভিযোগে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাসেরের সাংগঠনিক পদ মুলতবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে তার সাথীপদও বাতিল করা হয়েছে। এ ছাড়া বরিশাল মহানগর ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক শাহেদ খানের সদস্যপদও মুলতবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তত্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাংগঠনিক প্রক্রিয়াটি সবারই জানা। কোনো বিষয়ে সরাসরি মুলতবির নোটিশ দেওয়া হয় না, বরং সংশ্লিষ্ট ব্যক্তিকে জানানো হয়। সদস্যদের বিষয়ে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না; সংগঠনের অভ্যন্তরীণ পরামর্শ ও আলোচনা সাপেক্ষেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে গতকাল বুধবার (১ জুলাই) বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ষান্মাসিক প্রতিবেদন সময়মতো না দেওয়ায় এই হুমকি পেয়েছিলেন আবু নাসের। মহানগর ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক শাহেদ খান তাকে এই হুমকি দেন। এ নিয়ে বুধবার রাতে মহানগর ছাত্রশিবির সভাপতি আতিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে শাহেদ খানের সদস্যপদ মুলতবি হতে পারে বলে জানিয়েছিলেন। 

তবে এরই মধ্যে সাথীপদ বাতিল হলো ভুক্তভোগী আবু নাসেরের। তবে এ বিষয়ে কথা বলতে বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলামের মুঠোফোনে কল দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি।

এদিকে আবু নাসেরের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামে। তার বাবা মাওলানা আতাউর রহমান সরকার খানসামা উপজেলা জামায়াতের সাবেক আমীর। আবু নাসেরের ভাই মুজাহিদুল ইসলাম ২০১২ সালের ৩ ডিসেম্বর দিনাজপুরের রানীরবন্দরে এক মিছিলে পুলিশের গুলিতে নিহত হন। ছাত্রশিবির তাকে সংগঠনটির ১৪১তম ‘শহীদ’ হিসেবে প্রতিবছর স্মরণ করে।