Image description

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় জেলা যুবদলের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় অভিযুক্ত যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী। এদিকে ওই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।

 

বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বালুটুঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটক ও বহিষ্কৃত যুবদল নেতা আব্দুর রহমান বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও গ্রামের আবু বাক্কারের ছেলে।

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার সুবাদে বালুটুঙ্গি এলাকার কয়েকজন যুবক বাইরে অবস্থান করছিলেন। গভীর রাতে আব্দুর রহমান বিশ্বাসকে অন্ধকারে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে বাড়ির বাইরে নিয়ে আসে উত্তেজিত জনতা। সেখানে তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ এশিয়া পোস্টকে জানান, সকালে তিনি প্রবাসীর স্ত্রীর ঘরে এক যুবককে আটকের বিষয়টি জানতে পারেন এবং স্থানীয়রা দুজনকে গাছের সঙ্গে বেঁধে রাখার পর পুলিশের হাতে তুলে দিয়েছে বলে নিশ্চিত করেন।

 

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয় জাতীয়তাবাদী যুবদল। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায় ও দায়িত্ব দল নেবে না।

 

জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফও যুবদল নেতা আব্দুর রহমান বিশ্বাসকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এশিয়া পোস্টকে বলেন, স্থানীয়রা দুজনকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে প্রবাসীর স্ত্রীসহ দুজনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পরবর্তীতে প্রবাসীর স্ত্রী নিজে বাদী হয়ে আব্দুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।