Image description

বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য আসা ফিলিস্তিনি শিক্ষার্থীদের অন-অ্যারাইভাল ভিসা সহজ করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

 

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী এ আশ্বাস দেন।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভিসা সহজীকরণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে এসেছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের নীতিগত ও নৈতিক সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী পড়াশোনা করছেন।

তাদের বাংলাদেশে আগমন ও শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে অন-অ্যারাইভাল ভিসা প্রদানে বিশেষ সহযোগিতা প্রয়োজন।

 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দেন। একইসঙ্গে তিনি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর অনুরোধ জানান।

আলোচনায় রাষ্ট্রদূত আরও প্রস্তাব দেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে কোনো ফিলিস্তিনি নাগরিক বা শিক্ষার্থী বাংলাদেশের ভিসার আবেদন করলে তা যাচাইয়ের স্বার্থে আবেদনের একটি অনুলিপি ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে পাঠানো যেতে পারে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে আমরা ফিলিস্তিনকে আন্তরিকভাবে ভালোবাসি ও বিশ্বাস করি। ফিলিস্তিনের নাগরিকদের কল্যাণে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের সাইবার অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূতও নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার উপসচিব মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়াবিষয়ক পরিচালক (ইনচার্জ) ফুয়াদ হাসান পরাগ এবং ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের প্রথম সচিব নূর এইচ ও আলাইদি উপস্থিত ছিলেন।