দুধ, চাপাতা, চিনি, সঙ্গে ডিমের কুসুম আর দুধের সর বা মালাই। চট্টগ্রামে দুধের সর ভাসা এ চায়ের ব্যাপক জনপ্রিয়তা। বন্দরনগরীতে এসে সেই চায়ের স্বাদ নিয়ে মুগ্ধ হলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
মার্কিন দূতাবাসের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে আজ বুধবার সকালে চট্টগ্রামে আসেন রাষ্ট্রদূত। ওঠেন জেলা স্টেডিয়াম পাড়ায় হোটেল রেডিসন ব্লু বে ভিউতে।
এদিন সকাল ১১টার দিকে রেডিসন থেকে বেরিয়ে রাষ্ট্রদূত স্টেডিয়ামের গেইটে ফ্রেশিয়ান রেস্তোঁরায় আসেন। এ রেস্তোঁরার ‘হামিদের মালাই চা’ তুমুল প্রিয়। অর্ডার দিয়ে সেই চায়ের স্বাদ নিলেন ক্রিস্টেনসেন।
ফ্রেশিয়ানের কর্ণধার ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম জানালেন, মার্কিন রাষ্ট্রদূত মালাই চা প্রস্তুতের প্রক্রিয়া এবং এতে ব্যবহৃত উপকরণ কী কী জেনে নেন। মালাই চা কেন এত জনপ্রিয় জানতে চান সেটাও।
ভবিষ্যতে আবার চট্টগ্রামে এলে ফ্রেশিয়ানের মালাই চায়ের স্বাদ নেবেন বলে জানালেন রাষ্ট্রদূত।
সন্ধ্যায় রাষ্ট্রদূত রেডিসনে আমেরিকার ২৫০তম জন্মবার্ষিকীর একটি কর্মসূচিতে যোগ দেন।