অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
আজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এ তথ্য জানিয়েছেন।
এসব শিক্ষার্থীদের শুধু সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি দিতে হবে। পরীক্ষাসংক্রান্ত অন্যান্য ফি মওকুফের সুবিধা পেতে আহত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশিত আহতদের তালিকা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৬৯ জন শিক্ষার্থীর তথ্য পেয়েছে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনা করছেন।
এসব শিক্ষার্থীর সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ব্যতিত পরীক্ষাসংক্রান্ত অন্যান্য ফি মওকুফ করার জন্য অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।