হামের উপসর্গে বুধবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির হাম শনাক্ত হয়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৫১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬২৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। মোট মারা যায় ৭১৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২ হাজার ২৮ শিশুর। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫ হাজার ৫০৯ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৮১ হাজার ৮৮২ শিশু বাড়ি ফিরেছে। এ সময় দেশে ১২ হাজার ১৩২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।