Image description

চলতি জুন মাসে অন্যান্য মাসের তুলনায় অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে বলে বিভিন্ন সূত্র থেকে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত বিলের বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সূত্র থেকে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করে গ্রাহকদের হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে, তারা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি নির্ধারিত হটলাইন নম্বরেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।

অভিযোগ গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ চালু রয়েছে। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ১৬৮৯৯, ডিপিডিসি ১৬১১৬, ডেসকো ১৬১২০, নেসকো ১৬৬০৩ এবং ওজোপাডিকো ১৬১১৭ নম্বরে যোগাযোগ করে গ্রাহকরা অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন।

উল্লেখ্য, গত ১ জুন থেকে দেশে বিদ্যুতের নতুন ট্যারিফ কার্যকর হয়েছে। এর পরপরই বিভিন্ন এলাকায় গ্রাহকদের কাছ থেকে তুলনামূলক বেশি বিল পাওয়ার অভিযোগ সামনে আসে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।