Image description

মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

 

সোমবার (২৯ জুন) রাত ৯টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গয়াসপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন বড়দল গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী কনিজা বেগম ও তার ছেলে জুবের আলী। নিহত ও আহত সবার বাড়ি রাজনগর উপজেলার বড়দল গ্রামে বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে বড়দল গ্রামের ইদ্রিস আলীসহ তার পরিবারের পাঁচ সদস্য বাড়ি ফিরছিলেন। পথে গয়াসপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক ও আরোহীসহ ছয়জন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কনিজা বেগম ও জুবের আলীকে মৃত ঘোষণা করেন।

 

এই দুর্ঘটনায় আহত ইদ্রিস আলী, তার মেয়ে জোছনা বেগম, জামাতা হাকিম উদ্দিন এবং অটোরিকশাচালক তোফাজ্জল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিহত কনিজা বেগমের ভাতিজা নাইমুল ইসলাম রাফি জানান, দুর্ঘটনায় আমার চাচি ও চাচাতো ভাইকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। আমরা গুরুতর আহত চারজনকে নিয়ে বর্তমানে সিলেটের হাসপাতালে আছি।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল সূত্রে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।