Image description

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টঙ্গীর তুরাগ নদে ৭ লাশ বলে গুজব রটনাকারীদের ধরতে সকলের সহযোগিতা চেয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

শনিবার (২৭ জুন) রাতে জিএমপির পক্ষে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন কালের কণ্ঠ এ তথ্য জানান।

 

জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদারের বরাতে অতিরিক্ত কমিশনার বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা প্রয়োজন। জিএমপি জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক রয়েছে।

তিনি বলেন, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 
একই সঙ্গে আমরা সকলকে দায়িত্বশীল নাগরিক হিসেবে সত্য তথ্য প্রচারে সহযোগিতা করার আহ্বান জানাই। পাশাপাশি গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে সকলের সহযোগিতা কামনা করছি।

প্রসঙ্গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ তাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তুরাগ নদে ৭ জনকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে ও ৩টি লাশ উদ্ধার হয়েছে মর্মে গুজব ছড়ানো হচ্ছে। এ প্রেক্ষিতে আজ পুলিশ সদর দপ্তর বিবৃতি দিয়ে এ খবর ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়।

 
এরপর তুরাগ নদের উত্তর তীরে অবস্থিত জিএমপি এ ঘোষণা দিল।