শিশুর দুই দিনের লবণের চাহিদা এক প্যাকেট চিপসেই থাকতে পারে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ কারণে প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে ফ্রন্ট অফ প্যাকেজ লেবেলিং (এফওপিএল) দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে ‘নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় এফওপিএল: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এ আলোচনা হয়।
কর্মশালায় প্রধান অতিথি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, খাদ্যের পুষ্টিমান সম্পর্কে জানা জনগণের মৌলিক অধিকার। প্রক্রিয়াজাত খাদ্যে ক্ষতিকর উপাদান সহজে চিহ্নিত করতে এফওপিএল দ্রুত চালুর জন্য সরকার কাজ করছে।
ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মোহাম্মদ রুহুল কুদ্দুস।
বক্তারা বলেন, খাদ্যের মোড়কে সহজবোধ্য পুষ্টি তথ্য প্রদর্শন জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এফওপিএল বাস্তবায়নে নীতিমালা ও আইনি বাধ্যবাধকতা দ্রুত প্রণয়ন জরুরি।
কর্মশালায় আরও আলোচনায় অংশ নেন বারডেম জেনারেল হাসপাতালের চিফ নিউট্রিশনিস্ট শামসুন নাহার মহুয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মঈনুল হাসান সোহেল এবং বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমিন।
আয়োজকরা গণমাধ্যমকে এ বিষয়ে অনুসন্ধানী ও তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান। কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের ২৮ জন সাংবাদিক অংশ নেন।
শীর্ষনিউজ