রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ভিডিও ধারণের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়েছে পুলিশ। আটকের সময় তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়েছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২টার দিকে সাখাওয়াত হোসেন নামে ওই যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি ভাঙা বাড়ির (শেখ মুজিবুর রহমানের বাড়ি) ছবি ও ভিডিও ধারণ করছিলেন সাখাওয়াত। বিষয়টি নজরে এলে পুলিশ সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তবে তাৎক্ষণিক তিনি সেখানে যাওয়া এবং ছবি-ভিডিও ধারণ সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
ঘটনাস্থলে দায়িত্বরত ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, সাখাওয়াত ছবি ও ভিডিও ধারণ নিয়ে প্রশ্নে কোনো সদুত্তর দিতে পারেননি। একপর্যায়ে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন দেখতে চাইলে অস্বীকৃতি জানান। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় নেওয়া হয়।
সাখাওয়াত হোসেনের সঙ্গে থাকা আনম আয়েশ নামে আরেক যুবকও নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেন। তিনি বলেন, ‘যাকে ধরে নেওয়া হয়েছিল, সে একজন জুলাই যোদ্ধা। জামায়াতের কর্মী। পুলিশ যখন তাঁকে নিয়ে যায়, তখন আমিও পুলিশের ভ্যানে উঠে পড়ি। কারণ সে নিজের পরিচয় ঠিকভাবে দিতে পারেনি। থানায় নেওয়ার পর মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মঙ্গলবার সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা যায়।