Image description

বছরের দীর্ঘতম দিন আজ ২১ জুন। দীর্ঘতম এই দিনে দেশের আকাশ আংশিক থেকে শুরু করে কিছুটা মেঘলা থাকতে পারে। একই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগে অতিভারী বর্ষণ এবং দেশের অন্যান্য অঞ্চলেও বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার (২১ জুন) রাত সাড়ে ১২টায় দেওয়া আবহওয়ার পূর্ভাবাসে জানানো হয়েছে, বৃষ্টিপাতের কারণে দেশের বেশির ভাগ এলাকায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকবে।

বর্তমানে সক্রিয় রয়েছে বৃষ্টি বলয় রিমঝিম। যা আগামী ২৫ জুন পর্যন্ত স্থায়ী হতে পারে। এই বলয়ের প্রভাবে দেশের ৫৫ থেকে ৬৫ শতাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্ভাবাসে বলা হয়েছে, আজ দেশের সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টির সময় দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই আকাশে মেঘ দেখা দিলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আজ শিলাবৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং কালবৈশাখী ঝড়ের তীব্রতা কম থাকলেও বৃষ্টিপ্রবণ এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে।

দিনের আকাশে স্থানভেদে ৪ থেকে ৬ ঘণ্টা স্বাভাবিক সূর্যের কিরণ দেখা যেতে পারে, তবে দেশের উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চলে রোদের দেখা মিলবে কিছুটা কম। সূর্যের এই লুকোচুরির মধ্যেও দেশজুড়ে স্বাভাবিক ভ্যাপসা গরম ও গুমোট ভাব বজায় থাকবে।

এর মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় তাপমাত্রা মৃদু তাপপ্রবাহের মাত্রায় উঠে যেতে পারে। জুলাই মাসে পরবর্তী সম্ভাব্য তাপপ্রবাহ গুমোট আসার ইঙ্গিত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, ১৪১ মিলিমিটার। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ও টাঙ্গাইলে, ২৩.০ ডিগ্রি সেলসিয়াস।

আজ ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ মহররম ১৪৪৮ হিজরি। বছরের দীর্ঘতম এই দিনে ঢাকায় সূর্য উদয় হয়েছে সকাল ৫টা ১২ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে। ফলে আজকের দিনের দৈর্ঘ্য দাঁড়াচ্ছে মোট ১৩ ঘণ্টা ৩৬ মিনিট।

ঠিক দুপুরে সূর্য দেশের মধ্য অঞ্চল থেকে একদম সোজা বা ০.০০° কোণে অবস্থান করবে, অর্থাৎ এটি দক্ষিণ আকাশে বিন্দুমাত্র হেলে থাকবে না।