জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই ব্যক্তি দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন।
সোমবার (১৫ জুন) রাতে জেলার ঝাউডাঙ্গা বিওপির অধীন সীমান্তের মেইন পিলার ১০৭৮-সংলগ্ন মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিষয়টি টের পেয়ে সীমান্তে অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ফলে ওই ব্যক্তিকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করানো সম্ভব হয়নি।
বর্তমানে ওই ব্যক্তি দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের ওপারে বিএসএফ এবং এপারে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
এ ঘটনায় দুই বাহিনীর মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্ত পরিস্থিতি শান্ত থাকলেও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, আমাদের সীমান্তে অবৈধভাবে পুশইনের চেষ্টা করা হয়েছে। তবে এলাকাবাসীর সহায়তায় তা প্রতিহত করা হয়েছে। বর্তমানে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।