Image description

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে আবুল বারকাতের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

 

আদালতে আবুল বারকাতের জামিনের আবেদন করেন আইনজীবী শাহিনুর ইসলাম। জামিন বিরোধিতা করে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন।

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় আসামিদের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

 

গত বছরের ১০ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির ৩ নম্বর সড়ক এলাকা থেকে অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।