Image description

রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা মো. আবু জুবায়ের নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার-স্বজন, এলাকা ও বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।

 

নিহত আবু জুবায়ের রাজধানীর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি একজন পরিচিত সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও বিতার্কিক হিসেবেও পরিচিত ছিলেন।

 

জুবায়েরের চাচাতো ভাই আবিদ গণমাধ্যমকে জানান, জুবায়ের মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় খালার বাসায় থেকে লেখাপড়া করতেন। সোমবার রাতে তিনি আরও দুই বন্ধুকে সঙ্গে নিয়ে রিকশাযোগে এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। পথে বাংলাদেশ ইউনিভার্সিটির নিকট দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে জুবায়ের গুরুতর আহত হন। অন্য দুজন সামান্য আহত হন।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আবু জুবায়েরকে মৃত ঘোষণা করেন।

 

মো. আবু জুবায়ের দিনাজপুরের বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের ভুল্লিরহাট এলাকার বাসিন্দা। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। একই আন্দোলনে তার বড় ভাই সালাউদ্দিন নিহত হন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত হওয়ার পর তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ভিড় জমে। বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

শিক্ষাজীবনে আবু জুবায়ের পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।