জাতীয় সংসদে ঢোকার পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায় বলে জানিয়েছেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। তিনি বলেন, কার্যপ্রণালি বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সবার মেনে চলা উচিত।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্যের সুযোগ নিয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় অধিবেশন পরিচালনার দায়িত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমি রুলস অব প্রসিডিউর দেখব।
এরআগে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, কার্যপ্রণালিবিধিতে সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার কথা।
স্পিকারের উদ্দেশে মো. মুজিবুর রহমান বলেন, আমি মাঝে মাঝে খেয়াল করি সুন্দরভাবে আপনি সালাম দেন, আমরাও জবাবে সালাম দিই।
এমপি মজিবুর রহমানের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে পয়েন্ট অব অর্ডারে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর আরেক সংসদ সদস্য মো. নুরুল আমীন। তিনি বলেন, মজিবুর রহমান সাহেব যেটা বলেছেন, সেটা ভ্যালিড। তিনি দেখেছেন যে আমি মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করেছি। এটা তার পছন্দ হয়নি। তিনি এটিকে সংসদের রীতির খেলাপ বলে মনে করেন। সে কারণেই তিনি বিষয়টি উত্থাপন করেছেন।