Image description

গাজীপুরের টঙ্গীতে চাঁদা চাওয়ার একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ছাত্রদলের এক ওয়ার্ড সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৫ জুন) রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গাজীপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কার হওয়া ওই নেতার নাম রাতুল শিকদার অমি। তিনি টঙ্গীর ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে রাতুল শিকদারকে এক ব্যক্তির কাছে টাকা দাবি ও বিভিন্ন ধরনের হুমকি দিতে শোনা যায়। ফোনালাপের একপর্যায়ে রাতুল শিকদারকে বলেন, ‘এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না। এইডা আমার বাড়ির রোড। এখানে প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না।’

অডিওতে রাতুল শিকদারকে বারবার ওই ব্যক্তির অবস্থান জানতে এবং সরাসরি দেখা করার জন্য চাপ দিতে শোনা যায়।

এ বিষয়ে জানতে রাতুল শিকদার অমির ব্যক্তিগত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গাজীপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর বলেন, ‘অডিও রেকর্ডটি আমি শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাতুল শিকদারকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।’