ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী চাপাতি দিয়ে তাদের (দুই নারী) ভয় দেখিয়ে লাগেজসহ মূল্যবান জিনিস নিয়ে যায়।
গত শনিবার রাত তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এমন ঘটনা ঘটে। পুলিশ বলছে, ছিনতাইয়ে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তাদের পাশে রিকশাচালক দাঁড়িয়ে। হঠাৎ চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে আসেন। তার পরনে লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি, মাথায় ক্যাপ। চাপাতি হাতে থাকা এই ব্যক্তির সঙ্গে আরেকজনকে দেখা যায়। চাপাতি দিয়ে ভয় দেখিয়ে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নেন তারা।
মোহাম্মদপুর থানা–পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব সংবাদমাধ্যমকে বলেন, ভুক্তভোগীদের তথ্য অনুসারে, তারা ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশা করে বাসায় যান। বাসার সামনে তারা ছিনতাইয়ের শিকার হন।
পুলিশের পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে আমরা শনাক্ত করেছি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।