ভারতে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে আর পাশের দেশে দেখা যাবে না, এটা হতে পারে না। বাংলাদেশেও বিশ্বকাপ দেখানোর সব উদ্যোগ নেওয়া হয়েছে। বিটিভি বিশ্বকাপ স্বত্ব কেনার প্রক্রিয়ায় এগিয়ে গেছে অনেকখানি।
এ অঞ্চলে বিশ্বকাপ স্বত্ব বিক্রির জন্য ফিফা প্রথমে ভরসা করেছিল স্প্রিংবক কোম্পানিকে। কাতার বিশ্বকাপের ধারায় সিঙ্গাপুরভিত্তিক এই কোম্পানি এবারও চড়া দামে স্বত্ব বিক্রির পাঁয়তারা করেছিল এ দেশে। সত্যি বললে ১০ মিলিয়ন ডলারে বিশ্বকাপ স্বত্ব কেনার মতো বাজার বাংলাদেশে নেই।
তাই বাধ্য হয়ে দর কমিয়েছে ফিফা। এখন ৪ মিলিয়ন ডলারে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে চাইছে। তা নিয়েও আপত্তি আছে বাংলাদেশ সরকারের। বিশ্বকাপ স্বত্ব কিনতে তথ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষ কমিটি এ নিয়ে কয়েক দফা আলোচনা করেছে। দাম কমানোর জন্য ফিফার সঙ্গেও করেছে যোগাযোগ।
গতকাল সর্বশেষ সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। জানা গেছে, তারা এখনো দেনদরবার করছেন ৪ মিলিয়ন ডলার থেকে মূল্যটা নামিয়ে আনতে। এ ব্যাপারে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তথ্যমন্ত্রীর সাক্ষাৎ করার কথা।
নির্ভরযোগ্য সূত্রের খবর, বিটিভিতেই দেখা যাবে বিশ্বকাপের খেলা। তারা স্বত্ব কেনার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। দেনদরবারে কিছুটা দাম কমলেই দেবে আনুষ্ঠানিক ঘোষণা।