Image description

মানিকগঞ্জে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা আব্দুল আলীমের মুক্তির দাবিতে সদর থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

সোমবার (১ জুন) সকাল ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে কয়েকশ নারী-পুরুষ মানিকগঞ্জ সদর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।

পরে তারা শহরে মিছিল বের করে গ্রেপ্তার বিএনপি নেতার মুক্তির দাবি জানান।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সজিব হোসেনের বাড়ি ঘেরাও করে স্থানীয় কয়েকশ মানুষ। একপর্যায়ে ঘরে প্রবেশ করে সজিবকে মারধর ও কুপিয়ে হত্যা করা হয়। নিহত সজিবের বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল।

এ বিষয়ে তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে।

 

ঘটনার পর নিহতের ভাই রাজিব হোসেন বাদী হয়ে শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুটাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ইউপি সদস্য আব্দুল আলীমকে গতকাল রবিবার দিবাগত রাতে গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ‘প্রাথমিক তদন্তে সজিব হত্যা মামলায় আব্দুল আলীমের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

 

তিনি আরো বলেন, ‘কিছু লোক থানার সামনে এসে তার মুক্তির দাবি জানিয়েছে। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’