Image description

অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সোমবার থেকে জেট ফুয়েল রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে রাশিয়া। দেশটির সরকার জানিয়েছে, এ নিষেধাজ্ঞা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

সরকারি এক বিবৃতিতে বলা হয়, পণ্যবাজারের মাধ্যমে কেনা জেট ফুয়েলও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে এর কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকরের আগে কাস্টমস প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত চালান এবং আন্তঃসরকারি চুক্তির আওতায় সরবরাহ করা জ্বালানি এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

 

বিবৃতিতে বলা হয়, ‘দেশীয় জ্বালানি বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করাই এ পদক্ষেপের মূল লক্ষ্য।’

এর আগে চলতি বছরের এপ্রিল মাসেও রাশিয়া একই ধরনের পদক্ষেপ নেয়। তখন দেশটি পেট্রোল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে, যা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর ছিল।

সে সময় সরকার জানায়, মৌসুমি চাহিদা বৃদ্ধি, কৃষিখাতে ব্যস্ততা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

রুশ সরকার বলেছে, দেশের বাজারে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।