রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন।
সরকারপ্রধানকে কাছে পেয়ে অনেক মুসল্লি আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ঈদগাহ প্রাঙ্গণে ভিড় করেন মুসল্লিরা। মানুষের চাপ সামাল দিতে এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বেশ বেগ পেতে হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক এতে ইমামতি করেন।
জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও ঈদের জামাতে অংশ নেন।