তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারের বয়স একশ দিন অতিবাহিত হয়েছে। গত কয়েকদিন আগে প্রেস ব্রিফিং করে জনগণের কাছে তিনমাসের একটা হিসাব দিয়েছি। এই একশ’ দিনে আমরা কি করেছি এবং কি করতে চাই প্রধানমন্ত্রীর মুখপাত্র ইতোমধ্যে হিসাব দিয়েছেন। আমরা জনগণের কাছে হিসাব দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। কোন কাজ করতে পারলাম, কোনটা করতে পারলাম না, কেন পারলাম না, সেই বিষয়ে যাতে ভুল বোঝাবুঝি না থাকে। আমরা এত বছর পর ক্ষমতায় এসেছি ঠিক, আমাদের বুঝতে হবে আমরা একটা বিরাট ভঙ্গুর অর্থনীতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের অর্থনীতির যেই পরিস্থিতি তাতে সরকারের জন্য সংকট হয়ে গিয়েছে এই বিধ্বস্ত অর্থনীতিকে আবার মাটিতে দাঁড় করানো।
বুধবার (২৭ মে) রাত ৮টায় বরিশালের গৌরনদী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দেশি-বিদেশি ও খেলাপি ঋণ মিলে প্রায় ৩০ লাখ কোটি টাকা শোধ করতে হচ্ছে। প্রতিদিন মানুষের ঋণের টাকা দিতে হচ্ছে। আবার আগামী ১১ জুন প্রায় ৮ লাখ কোটি টাকার নতুন বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। কম ইনকাম দিয়ে প্রতিবছর বিরাট খরচের বহর চালাতে হয়। যে কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রী এই বিধ্বস্ত অর্থনীতিকে পাশ কাটিয়ে অত্যন্ত দক্ষ হাতে ভঙ্গুর অর্থনীতিকে দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য আমাদেরকে সময় দিতে হবে। এটা যেমন নেতাকর্মীদের বুঝতে হবে, তেমনি সাধারণ মানুষকে বুঝাতে হবে। যাতে সাধারণ মানুষ ভুল বুঝতে না পারে।
উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির।
সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় গৌরনদী উপজেলার তার নিজ গ্রাম সরিকল স্কুল সংলগ্ন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন।