বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ জন নাবিকের সবাই বাংলাদেশি। এর মধ্যে তিনবার হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জাহাজটি।
পরিবার-পরিজন ফেলে গত ঈদুল ফিতর জাহাজেই কেটেছে এই ৩১ নাবিকের। বুধবার ঈদুল আজহাও (স্থানীয় সময়) তাদের কাটাতে হলো সাগরে ভাসমান জাহাজে। সব মিলিয়ে এক দুঃসহ ও চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে তাদের।
যদিও বিএসসি কর্তৃপক্ষ দাবি করছে, জাহাজের নাবিকেরা সবাই স্বাভাবিক জীবন যাপন করছেন এবং সুস্থ আছেন। জাহাজে থাকা নাবিকেরাও জানিয়েছেন, তাদের কাছে পর্যাপ্ত খাবার ও পানি রয়েছে। তবে সার্বক্ষণিক মাথার ওপর মিসাইল ও ড্রোন হামলার শঙ্কা এবং তীরে নামার সুযোগ না থাকায় একধরনের মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম মাহমুদুল মালেক বলেন, সাগরে ভেসে থাকার অভিজ্ঞতা নাবিকদের কাছে নতুন নয়। জাহাজে নাবিকেরা সবাই স্বাভাবিক জীবন যাপন করছেন। সবাই সুস্থ আছেন এবং তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে।